মেহেরপুরে জাতীয় পার্টির একাংশের ২২ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:০২
অভ্যন্তরীণ কোন্দল ও নেতা-কর্মীদের ষড়যন্ত্রের কারণে মেহেরপুরে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ালেন খন্দকার আমিরুল ইসলাম পালু। রবিবার সন্ধ্যায় তিনি পদত্যাগ করেন। একই সময় মেহেরপুর বড়বাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত হয়ে তার সমর্থক জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে থেকে ২২ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করেন। 
 
পদত্যাগকারীদের মধ্যে অন্যতম হলেন- মেহেরপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সাবেক কমিশনার আব্দুল গনি, সদস্য আব্দুর রাজ্জাক, এস.এম ফয়েজ, আব্দুল আওয়াল, আব্দুল লতিফ, আবুল কাশেম কদু, আব্দুল গফুর প্রমুখ।
 
বেশ কিছুদিন ধরে তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু কেন্দ্রীয় নেতাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভ্যন্তরীণ কোন্দলে এবং স্থানীয় নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাই তিনিসহ তার সমর্থক জাতীয় পার্টির নেতাকর্মীরা পদত্যাগ করেছেন।