নরসিংদীতে অস্ত্রসহ গ্রেফতার ৪

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:১৬
 
নরসিংদীতে তিনটি বিদেশি পিস্তল ও একটি রিভলবারসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে শহরের বীরপুর ও হাজীপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (২৪), হাজীপুর মৌলভীপাড়ার আলী ইমানের ছেলে আমির হোসেন (২২) একই গ্রামের সওদাগর পাড়ার শাহজান শেখের ছেলে মো. মুন্না (২২) ও রুস্তম আলীর ছেলে আবদুর রশিদ মিয়া (২৯)।
 

এ ব্যাপারে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বীরপুর মহল্লায় অভিযান চালায়। অভিযানে প্রথমে রিজভীকে তার বাড়ি থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অন্যদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গুলিসহ আরও দুটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।