নরসিংদীর রায়পুরায় আদালতের নির্দেশে প্রায় দেড় মাস পর সোমবার দুপুরে কবর থেকে আলী হোসেন (২৮) নামে এক প্রবাসীর লাশ উত্তোলন করা হয়েছে। তিনি উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের আনোয়ার আলীর ছেলে।
নিহতের বড় ভাই আল আমিন জানান, গত ২১ আগস্ট সন্ধ্যায় ছুটি শেষে বাড়ী থেকে নৌকা যোগে নরসিংদী হয়ে আলী হোসেন মালয়শিয়া যাওয়ার জন্য রওনা হন। সাথে ছিলেন তিন চাচাতো ভাই। ঘন্টা খানেক পরই বাড়িতে খবর আসে নদীতে নৌকাডুবিতে প্রবাসী আলী হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দু দিন পর ২৩ আগস্ট সকালে বটতলা নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় আলী হোসেনের লাশের সন্ধান পান স্বজনরা। পরে ঐ দিনই স্থানীয় কবরস্থানে লাশ দাফন হয়। আলী হোসেনের মৃত্যুর পিছনে নৌকায় সাথে থাকা চাচাতো ভাইদের সন্দেহ হলে ২৫ আগস্ট লাশ ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন নিহতের বড় ভাই আল আমিন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় দেড় মাস পর সোমবার দুপুরে এ লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদীর মর্গে প্রেরন করেন পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবির, ওসি (তদন্ত্ত) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
