রায়পুরে ২০ পরিবারকে অবরুদ্ধ করে বাড়িতে তালা

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:৩৩
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ২০ পরিবারকে অবরুদ্ধ করে বাড়িতে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। লেয়াকত নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। 
 
ঘটনাটি ঘটছে সোমবার সকালে পৌর শহরের নতুন বাজার এলাকায়। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই পরিবারের লোকজন বাড়িতে আটকা পড়ে মানবেতর অবস্থায় আছেন। তবে বিকাল ৩টার দিকে পৌর মেয়রের হস্তক্ষেপে বাড়ির একটি গেটের তালা খুলে দেয় লেয়াতক।
  
বাড়ির মালিক ইব্রাহিম মাহবুব জাকির জানান, ১৯৮৮ সালে ৪৩ শংতাশ জমিটি বাহারের কাছে থেকে খরিদ করে ৮ শংতাশ জমিতে ৫ তলা একটি বাড়ি করে বসবাস করছি। গত কয়েক বছর ধরে তার সঙ্গে প্রতিবেশি লেয়াকতের ওই জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে লেয়াকত নানাভাবে জাকিরকে বিভিন্ন সময়ে হয়রানি করে আসছে। গত কয়েকদিন আগে ওই জমির ভুয়া রেকর্ড ও একটি জাল দলিল করে গোপনে আদালত থেকে একটি রায় এনে কোন নোটিশ বা সময় না দিয়ে পুলিশ এনে বাড়ির ২০ ভাড়াটিয়া পরিবারকে অবরুদ্ধ করে তালা মেরে দেয় লেয়াকত। এতে অবরুদ্ধ পরিবারগুলো সকাল থেকে মানবেতর জীবন কাটাচ্ছে। অবরুদ্ধ অবস্থা হতে মুক্তি পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন। 
 
অভিযুক্ত লেয়াকত বলেন, আদালতের রায় অনুযায়ী এই বাড়ির মালিক আমি। তার সকল ভাড়াটিয়াদের ১ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তারা কথা না শোনায় পুলিশের সামনে তালা মারা হয়েছে। তবে এখন পৌর মেয়রের হস্তক্ষেপে ভাড়াটিয়াদের কথা চিন্তা করে তালা খুলে দেওয়া হয়েছে।
 
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বিজ্ঞ আদালত লেয়াকতকে বাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছে। তাই পুলিশ পাঠিয়ে আদালতের কথামত বাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের অবরুদ্ধ করার বিষয়টি আমার জানা নেই।