নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে শহরের আদানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম আখতারা বানু মনি (১৩)। সে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। আগামী ১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তাঁর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্কুলছাত্রী তাদের কিসামত কামারপুকুর গ্রামের বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। সে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আদানী মোড় এলাকায় এসে রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে তাঁর এক বান্ধবীর জন্য অপেক্ষা করছিল। এ সময় রংপুর থেকে দিনাজপুরগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে বিকেলে সে মারা যায়। তার পিতার নাম আকতারুল ইসলাম।
