আত্রাইয়ে পাগল কুকুরের কামড়ে শিশু-নারীসহ ১৩জন আহত

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ২৩:২৬
নওগাঁর আত্রাইয়ে পাগল কুকুরের কামড়ে তিন শিশু-নারীসহ ১৩জন আহত হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে উপজেলার তিলাবাদুরী সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এই ঘটনা ঘটেছে। আহতদের প্রাথমিকভাবে রাতে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
 
আহতরা হলেন, তিলাবাদুরী ভবেশ চন্দ্রের ছেলে অর্জুন কুমার (২৫), দুলাল চন্দ্রের ছেলে তাপস কুমার, মৃত সুধীর কুমারের ছেলে সুনীল চন্দ্র (২২), বাদল কুমারের ছেলে নিতাই চন্দ্র(৩০), শ্রীবাসের মেয়ে তৃপ্তী রাণী(৬), জামগ্রামের মো: মিঠুর ছেলে মো: সাব্বির হোসেন(৮), মো: রতনের ছেলে মো: রাজু (৯) ও মো: রনি (১২)। আর ৫জন আহতের নাম জানা সম্ভব হয়নি।
 
মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র প্রামানিক জানান, রাতে মন্দিরে দূর্গা পূজা শেষে ভোগ-আরতি চলছিল। এ সময় মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় একটি পাগল কুকুর মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত লোকজনদের কামড়াতে শুরু করে। এতে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়ায় চারদিকে ছোটাছুটি শুরু করে। ওই কুকুরের কামড়ে প্রায় ১৩ জন আহত হয়েছেন। তবে কুকুরটি দ্রুত পালিয়ে যায়।   
 
ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয়) তুলশী কুমার জানান, আহত ৮জনের নাম জানা সম্ভব হলেও বাকি ৫ জনের নাম জানা সম্ভব হয়নি। আগামীকাল মঙ্গলবার সকালে আহতদের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হবে। 
 
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুরেজ্জা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনার পর কুকুর পালিয়ে যাওয়ায় মন্দির এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। 
 
ইত্তেফাক/এএন