বিপুল উৎসাহ ও উদ্দীপনায় গ্রীসে শারদীয় দুর্গাপূজা উদযাপন

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০১:১৪
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রীসে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গ্রীসের হিন্দু কমিউনিটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।  পূজা মণ্ডপে পূজারী ও ভক্তবৃন্দ সমবেত হয়ে ধর্মীয় অর্চণার মধ্য দিয়ে নিজেদের ও দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করছেন।
 
শারদীয় দুর্গাপূজার অষ্টমী তিথিতে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দীন এবং দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীগণ সপরিবারে পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রীসে বসবাসকারী বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদেরকে অভিনন্দন জানান। তিনি প্রবাসে বসবাস করেও ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি পূজা মণ্ডপের সাজসজ্জা এবং আলোক সজ্জাসহ সার্বিক আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
 
এথেন্সের ওমোনিয়াতে অনুষ্ঠিত এই পূজায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গ্রীসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, আঞ্চলিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উৎসবে যোগদান করছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে  উল্লেখযোগ্য সংখ্যক গ্রীক নাগরিক  ভ্রমণ করছেন ।
 
ইত্তেফাক/এএন