লক্ষ্মীপুরে রায়পুর শহরে মা ও শিশু প্রাইভেট হাসপাতালে মো. সিয়াম (১২) নামে এক শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে এই শিশুর চিকিৎসার সঙ্গে জড়িত দুই চিকিৎসক পলাতক রয়েছেন। আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম রানাকে।
সোমবার (১০অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ওই হাসপাতালে ভুল অপারেশন করার সময় শিশু সিয়ামের মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। নিহত সিয়াম রায়পুরের পৌর ৫নং ওয়ার্ডের মধুপুর গ্রামের ব্যাপারী বাড়ির প্রবাসী আমির হোসেনের ছেলে ও সোনাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পলাতক চিকিৎসকরা হলেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবদুল রশিদ, ঢাকা থেকে আগত ডা. রহুল আমিন, তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ সময় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শিশু সিয়ামের মা পারভিন বেগম ও চাচা ইকবাল বলেন, দুপুরে সিয়ামের পেটে ব্যথা থাকায় মা ও শিশু প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। সন্ধ্যায় এপেন্ডিসাইটিস হয়েছে বলে তার ছেলেকে অপারেশন করতে হবে বলে জানান ডাক্তার। পরে ১০ হাজার টাকা চুক্তিতে ডা. আবদুল রশিদ ও ডা. রহুল আমিন অপারেশন করেন। এ সময় তার মৃত্যু হয়। তাদের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ছেলের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, রাতেই শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরএ
