বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বর্তমান সরকার এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারীর কারণে সারা দেশে পূজা মণ্ডপগুলোতে উত্সবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব শারদীয়া দুর্গাপূজা উদযাপন হচ্ছে দেখে আমি মুগ্ধ ও আনন্দিত।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ খুবই শান্তি প্রিয় ও সবাই মিলে মিশে বসবাস করে। যে কোনো অনুষ্ঠানে একে অপরের সহযোগিতা করে যা বহিঃবিশ্বের জন্য বাংলাদেশ এক অনন্য ও বিরল দৃষ্টান্ত।
মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার নিজ বাড়ি মির্জাপুর সাহাপাড়া গ্রামে শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াইটার দিকে তিনি পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা ও নার্সিং স্কুল এন্ড কলেজের ছাত্রীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।
ইত্তেফাক/এএম।
