কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২১:১২
 
কুষ্টিয়ার মিরপুরে পুলিশ মালা কর্মকার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। সোমবার রাত সাড়ে ১১টায় মিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড হরিতলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 

এ ঘটনায় নিহতের স্বামী গৌর কর্মকারকে (২৭) মিরপুর থানা পুলিশ আটক করেছে। জানা যায়, গৌর কর্মকার এক বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ৭-৮ মাস আগে দ্বিতীয় স্ত্রী হিসেবে চুয়াডাঙ্গা জেলার হায়দারপুর এলাকার মহাদেব কর্মকারের মেয়ে মালাকে বিয়ে করে। মালা বিয়ের পর থেকে প্রতিনিয়ত স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন কর্তৃক শারিরীক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতেন। অভিযোগ উঠেছে, সোমবার রাত সাড়ে ১১টায় ধারাবাহিক নির্যাতনের একপর্যায়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মালাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। এলাকার লোকজনের দাবি মালাকে হত্যা করে আত্মহত্যা বলে তারা প্রচারনা চালাচ্ছে। এ ঘটনায় পুলিশ মালার লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। এলাকাবাসী মালা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।