পাবনা বিসিক শিল্পনগরী দেশের অন্যতম। কিন্তু সেখানে ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে শিল্প মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ সিস্টেম অকার্যকর হওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। খানাখন্দে পানি ভর্তি রাস্তায় ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাক যাতায়াত করতে হচ্ছে। রাস্তাঘাট ও ড্রেনেজ সিস্টেম নির্মাণে শিল্প মালিকরা দীর্ঘদিন দাবি জানিয়েছেন কিন্তু কোনো সমাধান হয়নি।
পাবনা বিসিক শিল্পনগরী ১৯৬২ সালে প্রতিষ্ঠা লাভ করে। ১২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ শিল্পনগরীতে ১৭০টি ভারী, মাঝারি ও ক্ষুদ্রশিল্প রয়েছে। দেশের অন্যতম এ শিল্পনগরীতে আট কিলোমিটার ড্রেন ও সাড়ে ৪ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা রয়েছে। শিল্পনগরীতে প্রবেশের প্রধান সড়কসহ অন্য অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস বলেন, ১৯৬২ সালে বিসিক প্রতিষ্ঠার সময় যে ড্রেনেজ সিস্টেম গড়ে তোলা হয় তা এখন অকার্যকর হয়ে পড়েছে। পৌরসভার রাস্তার লেভেল থেকে শিল্পনগরী চার ফুট নিচু হওয়ায় ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে। তাই একটু বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যাচ্ছে।
প্রিন্স কেমিক্যাল কোম্পানির মালিক এমএ মান্নান জানান, বিসিক প্রতিষ্ঠার সময় পাঁচ টনের গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা নির্মাণ করা হলেও এখন প্রতিদিন ৩০ টনের নিচে কোনো গাড়ি বিসিকের অভ্যন্তরীণ রাস্তায় চলছে না। তাই পূর্বের রাস্তায় এখন পণ্যবাহী ট্রাক ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে।
বিসিক ডিজিএম প্রকৌশলী জেএন পাল জানান, ড্রেন ভেঙে পড়ায় রাস্তাঘাট যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। রাস্তা সংস্কারের প্রতি বছর ২০-২৫ লাখ টাকা ব্যয় করা হলেও কোনো কাজে আসছে না। নতুন করে ড্রেনেজ সিস্টেমসহ রাস্তা নির্মাণ করা না হলে এ সমস্যা মোকাবিলা করা যাবে না। আর এ জন্য দরকার ১৫-২০ কোটি টাকা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এএন
