কেন্দুয়ায় সড়ক দখল করে বাসস্ট্যান্ড!

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০২:১৭
নেত্রকোনা মদন এবং নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সাথে সড়কপথে যোগাযোগ রক্ষাকারী সড়কটি  বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। এ দুটি সড়কের উপর সার্বক্ষণিক বাস দাঁড় করিয়ে যাত্রী নিয়ে যাওয়া আসা করা হচ্ছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
 
 নেত্রকোনা কেন্দুয়া এবং নেত্রকোনা মদন সড়কটির সাথে হাওর উপজেলাগুলো  এবং কিশোরগঞ্জ জেলায় যাবার একমাত্র সড়ক। বাস, ট্রাক, সিএনজিসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ দুটি সড়ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু নেত্রকোনার কুড়পার এলাকায় বাস চলাচলের জন্য কোনো বাসস্ট্যান্ড গত ২০ বছরে নির্মাণ না হওয়ায় সড়ক দখল করে বেআইনীভাবে বাসগুলো সড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী উঠানো এবং নামানো হচ্ছে। এ সময় সড়কটি অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
 
এ ব্যাপারে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সম্পাদক আরিফ খান জানান, তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের নিকট বাসস্ট্যান্ড নির্মাণের জন্য বললেও কোনো কাজ হচ্ছে না। পৌর কর্তৃপক্ষের সাথে এ প্রতিনিধি যোগাযোগ করলে তারা বলেন, জায়গা না পাওয়ায় বাসস্ট্যান্ড নির্মাণ করা যাচ্ছে না। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা উল্লেখ করেন।
 
ইত্তেফাক/এএন