লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ইলিশ শিকারের জাল। পরে আটককৃত ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেয়।
বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীমোহন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ। আটক জেলেরা লক্ষ্মীপুর সদর উপজেলা, কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর এলাকার বাসিন্দা। তবে তাদের নাম জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত বসিয়ে আটক জেলেদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বলেন, ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ বা বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে এক বছর থেকে দুই বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
ইত্তেফাক/কেকে
