কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ী ফারুক হোসেন হত্যা মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। রফিকুল উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর ব্যবসায়ী ফারুক হত্যা মামলার পলাতক আসামি রফিকুলকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে আসেন ফারুক হোসেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মোবাইলে কথা বলে তিনি কোম্পানীগঞ্জ বাজারে যান। এর পর আর বাড়ি ফিরে আসেনি ফারুক। এর পাঁচদিন পর উপজেলার নগরপাড় পশ্চিম পাড়া বালুর মাঠ থেকে তার বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
