খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাদিম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বিটিসিএল অফিসের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মেহেদী নামে তার এক সহযোগীও জখম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে নাদিম স্থানীয় শাহাদাতের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী নজরুলসহ কয়েকজন এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মেহেদীকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাদিমের পেটে ও বুকে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নাদিমের বিরুদ্ধে খালিশপুর থানায় ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএন
