বরিশালের বানারীপাড়া উপজেলায় ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পাশাপাশি অভিযান শতভাগ সফল হলে সংশ্লিষ্টদের পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।
অপরদিকে প্রশাসনের জিরো টরারেন্স অবস্থানের মধ্যেও ইলিশ নিধনের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এ উপজেলার জেলেরা।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ডিমওয়ালা ইলিশ নিধন বন্ধে অভিযান শুরু হয়েছে। যা আগামী ২২ দিন পর্যন্ত চলবে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সন্ধ্যা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ডিমওয়ালা মা ইলিশ নিধনের জন্য জেলেরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। মৌসুমী জেলেরাও বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করছেন সরকার নিষিদ্ধ কারেন্ট জাল।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিবছরই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা উপজেলার বেশ কিছু চিহ্নিত মহল বিভিন্ন কৌশলে ইলিশ নিধন করে থাকেন। এছাড়া বিগত বছরগুলোতে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের আশ্রয়ে জেলেরা ইলিশ নিধন করেছেন। আর নিধনকৃত ইলিশ বন্দর বাজারের চিহ্নিত কয়েক জন মৎস্য আড়ৎদার সংগ্রহ করে মজুদ রেখে পরবর্তীতে অধিক লাভে বিক্রি করে থাকেন।
আর এসব কারণে এবছর ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ নিধন বন্ধে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে জন সচেতনতামূলক পথ সভা করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
