আমদানিকৃত ১০ কোচের পরীক্ষা-নিরীক্ষা চলছে রেল কারখানায়

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৩:৪২
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন ১০টি যাত্রীবাহী কোচ দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে।
 
মঙ্গলবার এসব পরীক্ষা- নিরীক্ষার জন্য কারখানায় আনা হয়।
 
বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযোজনের জন্য এসব কোচ আমদানি করা হয়েছে। রেল কারখানায় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান দেয়া হবে।
 
রেলের পশ্চিম জোনের পাকশী ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। ১০টি কোচের মধ্যে একটি এসি বাথ, তিনটি এসি চেয়ার ও ছয়টি শোভন চেয়ার কোচ ছাড়াও একটি পাওয়ার কার রয়েছে।
 
রেলওয়ে কারখানার কর্মচারীরা বলেন, ‘ভারত থেকে আমদানি করা কোচের চেয়ে ইন্দোনেশিয়ার এসব কোচ দেখতে সুন্দর এবং টেকসই মনে হচ্ছে।’
 
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমদ হোসেন বলেন, ‘রেল কারখানায় এসব কোচ পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রানের পর রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। পরবর্তীতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কোচগুলো আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ