টঙ্গীবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:২৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া আক্তার উপজেলার দক্ষিণ রায়পুরা গ্রামের কাতার প্রবাসী সেকান্দর হাওলাদারের মেয়ে। সে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
 
জানা গেছে, ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফিরছিল সুমাইয়া। উপজেলার বেতকা-ঢাকা সড়কের কান্দাপাড়া গ্রামের আবুল মেম্বারের বাড়ির কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আটদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়।
 
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ‘এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ