ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা শিশুটির মা বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
দায়ের করা আবেদন সূত্রে জানা গেছে, গফরগাঁও পৌরশহরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার অনেকদিন যাবৎ ওই মেয়েটিকে তার কোচিং সেন্টারে পড়ার জন্য নানা ভাবে চাপ দিয়ে আসছিলেন। গত জুলাই মাসে মেয়েটির অভিভাবক মেয়েটিকে অধ্যক্ষ ছাত্তারের বাসায় পরিচালিত ‘অর্নিবান কোচিং’ সেন্টারে ভর্তি করে দেয়। গত ৯ অক্টোবর রবিবার বিকালে কোচিং ছুটির পর সকল ছাত্র-ছাত্রীকে বিদায় করে দিয়ে অতিরিক্ত ক্লাসের কথা বলে অধ্যক্ষ ছাত্তার মেয়েটিকে থাকতে বলে। এ সময় অধ্যক্ষ ছাত্তার মেয়েটিকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। মেয়েটি তার অভিভাবকদের আরও জানায় ইতিপূর্বেও অনেকবার অধ্যক্ষ আব্দুস ছাত্তার তাকে সবার পরে ছুটি দিয়ে অশ্লীল কথাবার্তা বলেছে। মেয়েটির মা জানান, ঘটনার পর থেকে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে পেইন কিলার ট্যাবলেট খাওয়াতে হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তি হওয়া দরকার। এ জন্য আমি অনেক ভেবে প্রশাসন বরাবর আবেদন করেছি। এখন শুনতে পাচ্ছি ওই শিক্ষকের বিরুদ্ধে অতীতেও এ রকম অনেক অভিযোগ ছিল।
আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, কোচিংয়ে ইচ্ছা করে সবার শেষে তাকে ছুটি দেইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, অভিযোগ পেয়েছি। থানা পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
