রাজশাহীতে মদপানে একজনের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:৫৬
রাজশাহীতে বিষাক্ত মদপানে প্রভাত মণ্ডল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।  তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকায়। 
 
এ ঘটনায় সুখেন মণ্ডল (৪৫) ও ডাবলু মণ্ডল নামে দুইজন গুরুতর অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন। তাদের বাড়ি রাজারহাতা এলাকায়। 
 
সুখেনের স্ত্রী শোভা রানী জানান, বুধবার রাতে প্রভাত, ডাবলু ও সুখেনসহ কয়েকজন যুবক মদপান করেন। পরে প্রভাত ও সুখেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে প্রভাত  মারা যান।
 
প্রভাত রাজারহাতা এলাকায় মামা বাড়িতে থাকতেন। তার নিজের বাড়ি বগুড়া জেলায়।
 
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি