চলে গেলেন থাই রাজা ভূমিবল

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:৪২
৭০ বছর সিংহাসনে কাটিয়ে না ফেরার দেশে চলে গেছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। মৃত্যুর সময় থাই রাজার বয়স হয়েছিল ৮৮ বছর।
 
বৃহস্পতিবার থাই রাজপ্রাসাদ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মহামান্য রাজা সিরিরাজ হাসপাতালে শান্তিতে না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুর পরে থাই পার্লামেন্টে একটি বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডে ব্যাপকভাবে সম্মানিত ভূমিবলকে সেনা অভ্যুত্থান ও রাজনৈতিক সংকটের ত্রাতা হিসেবে বিবেচিত হতেন। সাম্প্রতিক সময়ে বেশ অসুস্থ ছিলেন তিনি এবং খুব কম সময় জনসম্মুখে এসেছেন। থাই রাজা এমন এক সময়ে মারা গেলেন যখন দেশটি ২০১৪ সাল থেকে সামরিক শাসনের অধীনে চলছে।
 
ভূমিবলের পরে থাই সিংহাসনে বসার কথা ৬৩ বছর বয়সী যুবরাজ ভাজিরালংকর্নর। পিতার মতো অবশ্য তিনি অতটা জনপ্রিয় নয়। থাইল্যান্ডের আইনানুযায়ী দেশটির সিংহাসনে কে বসবে সেটা নিয়ে আলোচনা শাস্তিযোগ্য অপরাধ। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এটি হবে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম নেয়া রাজা ভূমিবল ১৯৪৬ সালের ৯ জুন ভাই আনন্দ মাহিদোলের মৃত্যুর পর সিংহাসনে বসেন। সাংবিধানিক রাজা হিসেবে তার ক্ষমতা সীমিত হলেও সংকটজনক পরিস্থিতিতে ঐক্য গড়ে তুলতে ভূমিকা পালন করেছেন। তবে তার সমালোচকেরা বলে, তিনি বরাবরের মতো সামরিক সরকারকে অনুমোদন দিয়েছেন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিছু বলতে পারেননি। বিবিসি।      
 
ইত্তেফাক/এসএসএ