ভারতে সাজা শেষে দেশে ফিরল নারী-শিশুসহ ১০ জন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২০:০৪
ভারতের শিলচর কারাগারে দীর্ঘদিন কারাভোগের পর নারী ও শিশুসহ সিলেটের জকিগঞ্জ উপজেলার ১০ ব্যক্তি দেশে ফিরেছেন। 
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বিএসএফ জকিগঞ্জ সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করে। 
 
শিলচর থেকে বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিরা জানিয়েছেন, ভারতের করিমগঞ্জ ও শিলচর জেলে জকিগঞ্জ উপজেলার প্রায় শতাধিক নারী-পুরুষ বন্দি রয়েছেন। 
 
জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মোশারফ হোসেন জানান, অনুপ্রবেশের দায়ে এই ১০ ব্যক্তি ভারতে আটক করা হয়েছিলেন। বিভিন্ন মেয়াদে তারা করিমগঞ্জ ও শিলচর কারাগারে সাজাভোগের পর বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষ তাদের ফেরত দিয়েছে। 
 
ভারতে সাজা ভোগের পর দেশে ফেরা জকিগঞ্জের নাগরিকরা হলেন- জকিগঞ্জ পৌর এলাকার হোসনাবাদ গ্রামের বাসুদেব রায় (২২), অর্চনা বিশ্বাস (৩০) ও তার ছেলে গোবিন্দ বিশ্বাস (৬), গোপাল বিশ্বাস (৪), সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের আনোয়ার হোসেন (২৮), বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের শামিম আহমদ (২৮), সোনাসার গ্রামের শাবলু আহমদ (২৫), কানাইঘাটের দনা  গ্রামের বুরহান উদ্দিন (৩২), কসকনপুর ইউনিয়নের আইওয়র গ্রামের এনাম উদ্দিন (৩৩) ও মানিকপুর ইউপির মাতার গ্রামের ওলিউর রহমান (৩৫)।
 
ইত্তেফাক/ইউবি