রৌমারীতে নদীভাঙন প্রতিরোধে বিক্ষোভ ও স্মারকলিপি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ০১:০৭
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদী ভাঙন রোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরসহ বিভন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার দুপুরে রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে রৌমারী উপজেলা প্রসাশনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রৌমারী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ মো. আব্দুল কাদের (যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা), সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মাস্টার, মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলম, বন্দবেড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক আ. সবুর, প্রভাষক রেজাউল ইসলাম রেজা, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।
 
সমাবেশে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, গত ১৬ বছরে রৌমারী ও রাজিবপুর উপজেলার ৯টি ইউনিয়নে ৫৬টি মৌজার মধ্যে ৩৫টি মৌজা নদী গর্ভে বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে ১৯ হাজার পরিবার। মানবেতর জীবন যাপন করছে এসব পরিবারের প্রায় ৬০ হাজার মানুষ। এখনই ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধ না করলে ভবিষ্যতে স্বাধীনতার মুক্তাঞ্চল রৌমারী ও রাজিবপুর উপজেলা বাংলাদেশের মানচিত্র হতে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে।
 

ইত্তেফাক/এএন