মাগুরা জেলার মহম্মদপুরে মধুমতি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় বৃহস্পতিবার রাতে দুই হাজার মিটার জাল আটক করা হয়েছে। পরে ওই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
জানা গেছে, সরকারিভাবে ১২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুম এ সময় মা ইলিশ ডিম পাড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে মধুমতি নদীতে জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল এই খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হাজার মিটার জাল আটক করেন।
আটককৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে দেয়া হয়। যার মূল্য প্রায় দুই লাখ টাকা। তবে কেউ আটক হয়নি বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
