টাঙ্গাইলের নাগরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এলাকা ও থানা সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় নাগরপুর-শাহজানী সড়কের নরদহি মোল্লা পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যাটারি চালিত অটোভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান যাত্রী উপজেলার স্বল্পাকুটিয়া গ্রামের মো. আছাদুল মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (২৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন নিহতের মেয়ে আফিয়া আক্তার (৭) ও শাশুড়ি আছিয়া বেগম (৪৫)। মূমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর একই দিন সন্ধ্যায় নাগরপুর চৌহালী সড়কের বনগ্রাম নামক স্থানে ইসমাইল হোসেনে বাড়ির সামনে উপজেলার বনগ্রাম গ্রামের মৃত. হাতেম মোল্লার ছেলে আয়নাল মোল্লা (৭০) মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে।
উপজেলার গয়হাটার গ্রামের বিশু মিয়ার ছেলে মোটরসাইকেল চালক মো. জহিরুল ইসলাম আহত হয়েছেন।
অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাক্টর ও মোটরসাইকেল আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
