আরে ও-ও-ও পাহাড়ি সাপের খেলা, কে দেখবে গো... পাহাড়ি সাপের খেলা। বেহুলা-লখীদ্দরের বাসর ঘরের সর্প দংশন নিয়ে সেই কালজয়ী গান- কি সাপে দংশিল লখাইরে.... । বেদে সাপুড়েদের গান শুনে রাজা-রানীর সেই রাজপ্রাসাদে রাজকুমার আর হয়তো বেদের মেয়ে জোছনার প্রেমে পড়ে না। সেইসব গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এই হারানো ঐতিহ্যকে আবারও গ্রামের নারী-পুরুষদের মধ্যে ফিরিয়ে আনতে চৌগাছা ক্ষুদ্র সমবায় সমিতির আয়োজনে সাপ খেলায় ঝাপান গানের আসর বসিয়ে দর্শক-শ্রোতাদের মন মাতালো।
আজ শুক্রবার দিনব্যাপী চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাপ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন , মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।তিনি বলেন, এটি একটি বিনোদনের মাধ্যম। এরকম বিনোদনের মাধ্যমে বর্তমান যুব সমাজ অতীত থেকে শিক্ষা নিয়ে জীবন গড়তে পারবে।
গাংনী পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাপ খেলা আয়োজক কমিটির আহবায়ক ছুরমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আ. হালিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার,গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবীরউদ্দীন,গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই)মনিরুজ্জামান, সাবেক ক্রীড়া শিক্ষক আশরাফুল হক,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাবেক যুবলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান,এনামুল হক,ফিরোজা খাতুন।খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন,শিক্ষক আ. রকিব,রফিকুল ইসলাম রফিক ও সাইদ হোসেন।
পরে সাপের খেলা উপভোগ করতে মেহেরপুরের এএসপি (সার্কেল) মুস্তাফিজুর রহমান শ্বশুর-শাশুড়ি নিয়ে সপত্নীক উপস্থিত ছিলেন।
সাপুড়ে লিটন সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি ছোট বেলা থেকে বাপ-দাদার নিকট থেকে সাপ খেলা শিখেছি। মা-মনসার স্মরণে আমরা সাপ খেলা দেখিয়ে মানুষের মন জয় করে জীবিকা নির্বাহ করে থাকি।আগের মত আর বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়না। মাঠে- ঘাটে ফসলে কীটনাশক ব্যবহার করায় তেমন ব্যাঙ, কেঁচো বা ইঁদুর না পাওয়ায় সাপের খাবার না থাকায় সাপের সংখ্যা দিন দিন কমে আসছে।
ঝিনাইদহ জেলার শৈলকুপার সাপুড়ে লিটন সরকার, চুয়াডাঙ্গার বন্ডবিলের এমাদুল হক, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পারকুলার শহিদুল হক, হরিনাকুন্ডুর মিজানুর রহমান, হেমায়েতপুরের সাপুড়ে আ. বারী, এনায়েতপুরের রবিউল ইসলামসহ যশোর, মাগুড়া, কুষ্টিয়া, ফরিদপুর, মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে নামকরা সাপুড়েরা সাপের খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে।
সাপ খেলা দেখতে হাজার হাজার শিশু-কিশোর, নারী-পুরুষ অংশগ্রহণ করে উপভোগ করে। সাপ খেলার এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৪ টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিচারকদের পয়েন্ট তালিকা অনুযায়ী লিটন সরকারকে ১ম এবং এমাদুল হককে ২য় স্থান অধিকারী হিসাবে বিজয়ীদের মাঝে ২টি খাসী ছাগল পুরস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/আরএ
