নাচে গানে শরৎ বন্দনা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১০:০৭
 
গানের হৃদয় আকুল করা সুরের দোলায় ভেসে সবাই বরণ করলো সাদা মেঘের ভেলায় ভেসে আসা মেঘ, কাশের দোলা আর কাসর ঘণ্টার স্মৃতিমেদুর শরেক। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজন করেছিল সুরে সুরে শরৎ অঞ্জলি অর্পণ অনুষ্ঠানের। গানে, নৃত্যের ছন্দে মানুষের মনের উচ্ছ্বল আনন্দ মূর্ত হয়ে উঠেছিল শুক্রবার শরৎ সকালে সরব উপস্থিতির মধ্যদিয়ে।
 
ভোরের আলো ফুটতেই শুরু হয় শরতের গান ও নৃত্য পরিবেশনা। শুরুতেই এস াজের সুরে স্বাগত জানানো হয় শরতের ভোরকে। শিল্পী অসিত বিশ্বাসের এ পরিবেশনায় চারপাশে ছড়িয়ে পড়ে প্রশান্তি। এরপর নৃত্যজনের নৃত্যশিল্পীরা ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’, নটরাজের নৃত্যশিল্পীরা ‘আজি ধানের ক্ষেতে রোদ্র ছায়ায়’ ও নৃত্যমের শিল্পীরা ‘শিউলি ঝরা এক সকালের অপেক্ষায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এরপর একক কণ্ঠে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ।
 
দিনভর এ আয়োজনের সকালের পর্বে শরৎ কথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন রামেন্দু মজুমদার। আরো বক্তব্য রাখেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি এম ই চৌধুরী শামীম, ড. নিগার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
 
অনুষ্ঠানের প্রথম পর্বে একক কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী, মহাদেব ঘোষ, বিমান চন্দ্র বিশ্বাস। তাদের কণ্ঠে গীত হয় ‘শিউলি ফুলে মালা দোলে’, ‘আমার রাত পোহানো শারদপ্রাতে’ ও ‘আজ শরতের আকাশে ভাসে সাদা মেঘের ভেলা’। দলীয় সঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, আনন্দন, ওস্তাদ মমতাজ আলী খান একাডেমি, পঞ্চভাস্বর, বহ্নিশিখা, সুরসপ্তকের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন লায়লা তারান্নুম কাকলী। বিকেল থেকে রাত অবধি ছিলো শরৎ উত্সবের দ্বিতীয় পর্বের আয়োজন।