নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, তিনজনের অর্থদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১২:৫২
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে এক ট্রলার মালিক ও দুই জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামালের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বড়খেরি এলাকার ট্রলার মালিক মো. সুমন এবং চরগাজী এলাকার আবদুল জলিল (৩৫) ও আবদুল মতিন (৩২)।
 
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক উপজেলা ট্রাস্কফোর্সের সদস্যসচিব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে চরআলগী ইউনিয়নের গাবতলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার চেষ্টার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় জলিল ও মতিনকে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া বড়খেরি এলাকায় মেঘনা নদীতে ইলিশ ধরার কাজে ব্যবহারের সময় একটি ট্রলার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ওই ট্রলার মালিক মো. সুমনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
 
উল্লেখ্য, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ