ঝিনাইদহে বাস উল্টে খাদে, আহত ২৫

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৪:২৯
 
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০), ধলহরা চন্দ্র গ্রামের আব্দুল হামিদের স্ত্রী রিনা খাতুন (৫৫), আসান মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন (৬০), ব্রাহিমপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩৫), রামচন্দ্রপুর গ্রামের হেমন্ত চন্দ্র বিশ্বাসসের চেলে রাম চন্দ্র (৪০), ঝিনাইদহ শহরের শিকারপুর গ্রামের শিবে সরকারের ছেলে ঠাকুর সরকার (৭০), শহরের আরাপপুর এলাকার আলঙ্গীরের মেয়ে ইয়াসমিন (৮), হরিণাকুন্ডু উপজেলার ভাদড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আনোয়ার হোসেন (৪০), যশোর শিমুলিয়া গ্রামের রঞ্জু বিশ্বাসের ছেলে পলাম (৩০), যশোর কাশিপুর গ্রামের জালাল মোল্লার ছেলে শাহাব উদ্দিনসহ (৪০) ২৫ জন আহত হন। 
 
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি পৌঁছলে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
 
খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীদের আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
 
 
ইত্তেফাক/কেকে