গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা ধরে ডুয়েটের সামনে ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি নাসির উদ্দিন শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, শনিবার সকালে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চের কাছে মোটরসাইকেল পার্ক করাকে কেন্দ্র করে সাদা পোশাকে এক পুলিশের সঙ্গে ডুয়েটের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কোরবান আলী বাদলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই পুলিশ সদস্য বাদলকে মারধর করে। পরে বাদল ক্যাম্পাসে গিয়ে ঘটনাটি তার সহপাঠীদের জানায়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ওই পুলিশ সদস্যের বিচারের দাবিতে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ সহকারে ডুয়েটের সামনে সড়ক অবরোধ করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে এবং অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আড়াইটার শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শিক্ষার্থীরা অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জানাতে পারে নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ইত্তেফাক/এএম।
