নতুন উদ্যোক্তাদের নিয়ে ই-ক্যাবের কর্মশালা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:০৭
রাজধানী মিরপুরের হাব ঢাকা'তে গত ১৪ই অক্টোবর শুক্রবার ই-ক্যাব এর দিনব্যাপী কর্মশালা এবং আড্ডা অনুষ্ঠিত হয়।
 
ই-ক্যাব এর মিরপুরের সদস্যবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আরো শতাধিক উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এই আয়োজনে উদ্যোক্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন আলিবাবা গ্রুপ এর মেহেদী রেজা, ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ সহ অন্যান্য ই-কমার্স বিশেষজ্ঞগন।
 
অনুষ্ঠানের প্রথম সেশনে ই-কমার্স ব্যবসার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেন ই-ক্যাব ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট ও আপনজন ডটকমের সিইও আসিফ আহনাফ। তার আলোচনায় বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা ও নতুন উদ্যোক্তাদের শুরুর ঝুঁকি ও তা কাটিয়ে উঠার পদ্ধতিগুলো উঠে আসে।
 
ব্যবসার ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট সহ অন্যান্য লিগাল ডকুমেন্টেশন নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন শাহিন'স হেলপ লাইনের সিইও  আমিনুল ইসলাম শাহিন।
 
ডিজিটাল মার্কেটিং এর গাইডলাইন নিয়ে বিশদ আলোচনা করেন আলিবাবা গ্রুপের প্রোডাক্ট অপারেশন ম্যানেজার মেহেদী রেজা। তিনি বলেন, 'যারা ই-কমার্সে আসতে চান তাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নূন্যতম ধারণা রাখা খুবই জরুরি।'
 
এছাড়াও টিম বিল্ডিং ও উদ্যোক্তাদের লিডারশীপ কোয়ালিটি উন্নয়ন নিয়ে কথা বলেন লাইটস্পিড সোর্সের অর্ণব মোস্তফা। অনুষ্ঠানের পরবর্তী অংশে ই- ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদের সঞ্চালনায় আড্ডা আয়োজিত হয় যেখানে উদ্যোক্তারা তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।
 
উল্লেখ্য, ই-ক্যাব ইয়্যুথ ফোরামের সহায়তায় এই অনুষ্ঠানের পার্টনার হিসেবে ছিলো শাহিন'স হেল্প লাইন ও হাব ঢাকা। -বাসস।
 
ইত্তেফাক/এসএস