আক্কেলপুর-বগুড়া সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। এ অবস্থায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে এলাকাবাসীর চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সরেজমিনে দেখা গেছে, আক্কেলপুর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার পূর্বদিকে দুপচাঁচিয়া পর্যন্ত এই সড়কটির চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন আক্কেলপুর থেকে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন দুপচাঁচিয়া হয়ে বগুড়াতে যাতায়াত করে। প্রায় চার থেকে পাঁচ বছর যাবত্ এই সড়কটি সংস্কার করা হয়নি। যার ফলে সংস্কারবিহীন এই সড়কের বিভিন্ন স্থানের পিচ, পাথরসহ কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খলিশ্বর ট্রাভেলসের্ ড্রাইভার বলেন, খানাখন্দে ভরা এই সড়কটি অদ্যাবধি সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অপরদিকে সড়কের দুরবস্থার কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। অপরদিকে গোপিনাথপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের উত্পাদিত কৃষিজাত পণ্য সড়কের বেহাল অবস্থার কারণে আক্কেলপুর বাজারে বা দুপচাঁচিয়া বাজারে নিয়ে যেতে পারি না। ফলে স্থানীয় বাজারে অল্প দামে বিক্রি করতে হয়।
জেলা মোটর মালিক সমিতির সদস্য বাবুল হোসেন বলেন, এই অঞ্চলের মানুষদের বগুড়া যাওয়ার জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ও একমাত্র সড়ক। একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে থাকায় যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে। তেমনি ঝুঁকিও বাড়ছে। সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
