আইন না মানায় মুরগির জেল!

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০৯:১৮
 
প্রতি বছর রাস্তা পার হতে গিয়ে সারা বিশ্বে কয়েক লাখ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারে দুর্ঘটনা এড়াতে তাই অনেক দেশই কড়া আইন প্রণয়ন করে থাকে। অনেক দেশে আইন থাকার পরও লোকজন দ্রুত গতিতে ছুটে যাওয়া গাড়ির মধ্যে দৌঁড়ে রাস্তা পার হচ্ছেন। 
 
তবে সমপ্রতি যুক্তরাজ্যের আইন না মেনে চলন্ত গাড়ির মধ্যে রাস্তা পার হতে গিয়ে জেলে যেতে হয়েছে একটি মুরগিকে। সকাল বেলা অফিসগামী লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাত্ ইস্ট মার্কেটগাইট এলাকার রাস্তার মধ্যে মুরগিটিকে দেখতে পেয়ে টেইসাইড পুলিশ স্টেশনে খবর দেন গাড়ি চালকরা। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের একটি দল মুরগিটিকে বেশ কসরত করে ধরে নিয়ে যায় থানায়। 
 
জেলের মধ্যে আটকে রেখে খবর দেওয়া হয় স্কটল্যান্ড প্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কর্মীদের। যতোদিন এটির মালিককে খুঁজে পাওয়া না যায় মুরগিটিকে থাকতে হবে তাদের সঙ্গে। মুরগির মালিককে খুঁজতে ইতোমধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছে টেইসাইড পুলিশ।-মিরর