সাতকানিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:১৬
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত মো. আবুল বশর (৩৮) ওরফে খুনি বশর ওরফে প্রকাশ ডাকাত  উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং জামায়াত কর্মী ছিলেন। তিনি ২১ মামলার আসামি।
 
রবিবার ভোরে উপজেলার এওচিয়া ইউনিয়নের চনখোলা ফরেস্ট বিটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ওসিসহ আহত হয়েছেন আটজন। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক ও তিনটি কার্তুজ জব্দ করা হয়েছে।
 
পুলিশ জানায়, রবিবার ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকা হতে খুনি বশরকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নেয়ার পথে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চনখোলা ফরেস্ট বিটের সামনে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় তার সহযোগীরা পুলিশের উপর গুলি করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বশর নিহত হন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন খন্দকার এবং উপ-পরিদর্শক ফজলুল হক বাবু, জুলুস খান পাঠান, মাহাবুবুর রহমান, হিরু বিকাশ ও সহকারী উপ-পরিদর্শক আনছারুল হক এবং কনস্টেবল মানিক ও কামরুল আহত হন। ঘটনাস্থলে দুইটি একনলা বন্দুক, পাইপগান ও তিনটি গুলি পাওয়া যায়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আরো তিনটি মামলা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ