`অস্থির' ভিডিও নিয়ে শামীমের পথচলা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২১:৫৪
শামীম হাসান সরকার, ইউটিউবের জনপ্রিয় চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াড-এর স্কোয়াড লিডার তিনি। পড়ালেখা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর বাংলায় কথা বলা দেশের প্রথম ইউটিউবার আর এখন অভিনেতা। ছোটপর্দায় এখন বেশ পরিচিত মুখ তিনি।
সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ। তবে নিজের শুরু যেখানে সেই আমজনতার ‘ম্যাঙ্গো স্কোয়াড’ নিয়ে এখনো পড়ে থাকেন। জনপ্রিয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভক্তদের উপহার দেন হাস্যরসমূলক কিছু ভিডিও যেখানে থাকে সমাজের কিছু অসঙ্গতির চিত্র।
 
সর্বশেষ তার ভিডিও চ্যানেল থেকে মুক্তি পেয়েছে অস্থির মিউজিশিয়ান থ্রি। আগের ভিডিওগুলোর ধারবাহিকতায় এবারের ভিডিওটিও বেশ জনপ্রিয় হয়। আপলোডের এক সপ্তাহের মাঝেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় দেড় লাখ।
 
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ জনপ্রিয় হয়েছে ভিডিওটি। অনেকেই শেয়ার করে প্রশংসা করছেন শামিম হাসানের।
 
ভিডিও নিয়ে শামীম বলেন, `অনেকদিন পর ভিডিওটি আসলো। প্রত্যাশা অনুযায়ীই সাড়া পেয়েছি বলা যায়। সবাই প্রশংসা করছেন, শেয়ার করছেন। খুব শিগগিরই দ্বিতীয় পার্ট প্রকাশ করবো। সবার প্রতি ‍কৃতজ্ঞ।’
 
তবে ভিডিওটিতে কাউকে ছোট করতে চাননি উল্লেখ করে তিনি বলেন, `আমার কাউকে ছোট করার ‍উদ্দেশ্য ছিলনা। কখনো থাকেনা। আমি শুধু আমাদের সমাজের দুর্বলতাগুলো তুলে ধরতে চাই।’
অস্থির মিউজিশিয়ানের পরের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, `আমি আসলে সিরিয়াস কিছু নিয়ে কাজ করতে চাই। সবসময়ই শুধু প্যারোডি কিংবা মজা নয়।  আমি চাই হাস্যরসের মাধ্যমে সমাজের ত্রুটিগুলো তুলে ধরা।
 
মূলত আমজনতা থেকেই ম্যাঙ্গো স্কোয়াড তৈরি বলে জানান শামীম। সমাজের অসঙ্গতি সাধারণ মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার কাজটি স্বেচ্ছায় করে যাচ্ছে তাদের মতো একদল তরুণ।
ম্যাঙ্গো স্কোয়াডের কথা জানতে চাইলে শামীম জানান, ২০১৪ সালের মাঝা-মাঝি সময়ে ম্যাঙ্গো স্কোয়াডের চিন্তা প্রথমে আসে।  ২০১৪ সালে ইনিভার্সিটি টেকনোলজি মালয়শিয়াতে মাস্টার্স করতে গিয়ে তার মনে হলো, যে অভিনয়টা ২০০১-২০১২ পর্যন্ত করতাম সেটা কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। বিশেষ করে দেশের কিছু সমস্যা, অসঙ্গতি, সচেতনতা তৈরি করে অথবা শিক্ষণীয় কিছু করা যায় কিনা সেটাই ছিল মূল ভাবনা।
 
এমআইএসটি এর মঞ্চ নাটক করতেন নিয়মিত। বেশ জনপ্রিয়ও ছিলেন সবার মাঝে। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলেন ড্রামা সোসাইটি। অভিনয় তার মাঝে ছিল সবসময়ই। তাদের প্রথম ভিডিও তৈরি এবং আপলোড করা হয় ২০১৪ সালের অক্টোবর মাসেই। নাম ছিল ‘ই-স্মার্টনেস’। এরপর নভেম্বর মাসে ‘বেবী বিকাম ইউটিউবার’ ছিল ম্যাঙ্গো স্কোয়াডের স্কোয়াড লিডারের ইউটিউবার হিসেবে প্রথম ভিডিও। এই ভিডিও অনেক বেশি সাড়া ফেলে এবং মানুষ ম্যাঙ্গো স্কোয়াডের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকে। এরপর ‘অস্থির মিউজিশিয়ান’ এবং ‘অস্থির জার্নালিজম’ ভিডিও দু’টির পর চ্যানেলটি অনেক সুনাম কুড়ায়। 
 
এরপর সর্বশেষ বের হলো অস্থির মিউজিশিয়ান পার্ট থ্রি। অল্প সময়েই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে। এজন্য সকল ভক্ত, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বর্তমানে বেশ কিছু নাটক নিয়ে ব্যস্ত থাকা শামীম ইউটিউবের মাধ্যমে আরো অনেক কিছু তুলে ধরতে চান সবার সামনে। কিছুদিন পরেই এর পরবর্তী অংশ আসবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এমএইচ