ছোটপর্দায় স্বাধীনতা দিবস

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৪১

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের চ্যানেলগুলো তাদের বিশেষ আয়োজনে রেখেছে একাধিক নাটক। যেগুলো মুক্তিযুদ্ধ সময়কালের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি বিশেষ নাটক নিয়ে এই আয়োজন—

‘উত্তাল মার্চ’

বাংলাভিশনের পর্দায় আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উত্তাল মার্চ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সজল, তানিয়া বৃষ্টি, পায়েল, নীরব,  নিমা রহমান প্রমুখ।

রাশেদ ছাত্র রাজনীতি করা টগবগে তরুণ। উত্তাল মার্চ মাস ঘিরে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২৫শে মার্চের গণহত্যা দিবসকে আন্তর্জাতিক পর্যায়ে স্থান দেওয়ার জন্য রাশেদ ভীষণ ব্যস্ত সময় পার করছে। এরমধ্যে তার বাবা বজনুল রশিদ বলে তাদের দুই ভাইকে বাড়ীতে যেতে হবে। কারণ রাশেদের বড় মা অসুস্থ্য। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

‘শিকার’

স্বাধীনতা দিবস উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজনে প্রচারিত হবে একক নাটক ‘শিকার’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নাটকটির গল্প রচনা করেছেন মো. জামাল হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলাম প্রমুখ। নির্মাতা জানিয়েছেন. নাটকটির গল্পটা যুদ্ধের গল্প না। যুদ্ধ পূর্ববর্তী একটি জনপদের গল্প। একটি প্রেমের গল্প। গ্রামীণ সংস্কারের ভেতর দিয়ে বেড়ে ওঠা একজন মেধাবী তরুণের অকস্মাত্ উন্মাদ হয়ে যাবার গল্প। গল্পে কোথাও কোন যুদ্ধ নেই অথচ গল্পের শেষে রক্তক্ষরণ হয়।

‘আরজ আলী ডাকাত’

মাছরাঙা টেলিভশনে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আরজ আলী ডাকাত’। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। নাটকে আরজ আলী ও সফুরা অভিনয় করেছেন গাজী রাকায়েত ও ফারজানা ছবি।

সদ্য বিবাহিত সফুরা বিয়ের চলনে শশুর বাড়ি যাত্রা করে। মাঝ নদীতে ডাকাতের আক্রমন। নৌকার সকলকে এমনকি সফুরার স্বামীকেও মেরে ফেলে দিয়ে সফুরাকে তুলে নিয়ে যায় আরজ আলীর ডাকাত দল। ঘটনাক্রমে একসময় আরজ আলীর কাছেই আশ্রয় মিলে সফুরার। তারপর শুরু হয় দুজনার সংসার সময়টা তখন ১৯৭১। সফুরা স্ব-প্রনোদিত হয়ে অনেকটা জোর করেই যুদ্ধে পাঠায় স্বামী আরজ আলীকে। কোলে তখন তার এক বছরের সন্তান। আরজ আলীর অনুপস্থিতিতে এক রাতে হামলা হয় সফুরার ঘরে। প্রাণ ভয়ে সন্তান কোলে নিয়ে সফুরা আশ্রয় নেয় বাড়ীর পেছনের এক ঝোঁপে।  এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

‘এবারে সাভারে’

স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বণে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এবার সাভারে’। আফজাল হোসেন-এর চিত্রনাট্যের পাশাপাশি অভিনয়ও করেছেন। আরো অভিনয় করেছেন চম্পা রেজা, প্রবাল প্রমুখ। আজ চ্যানেল আই এর অনুষ্ঠানমালায় এ টেলিফিল্মটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।