শ্রীমতখালী খালের ওপর নির্মিত ব্রিজ উদ্বোধনের আগেই দেবে গেছে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০০:৫৪
রাণীনগর উপজেলার হামিদপুর গ্রামে শ্রীমতখালী খালের ওপর নির্মিত ব্রিজ উদ্বোধনের আগেই দেবে গেছে। গত একবছর পূর্বে নির্মিত ব্রিজের মাঝের পিলারটি দেবে যায়। ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে অভিযোগ রয়েছে। ব্রিজটি দেবে যাওয়ার একবছর পেরিয়ে গেলেও আজো ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়নি।
 
হামিদপুর গ্রামের মো. নজরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ আরো অনেকে জানান, আমরা যে অবহেলিত ছিলাম, আজ তাই রয়ে গেলাম। ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে ব্রিজটি নির্মাণাধীন অবস্থায় পিলার দেবে যায়। মিরাট ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, এই সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ১৫টি গ্রামের মানুষ চলাচল করে। ব্রিজটি নির্মাণে ব্যাপক অনিয়ম ও কাজ নিম্নমান হওয়ার কারণে উদ্বোধনের আগেই দেবে গেছে। এরপর থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত আবেদন দিয়েছি। তবুও এখনো কোনো সমাধান হয়নি। বিকল্প একটি ব্রিজ নির্মাণ করার জন্যে কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করেছি। 
 
উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা জানান, এই ব্রিজটি নতুন করে পুনর্নির্মাণের জন্য সকল প্রস্তুতি শেষের দিকে। বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু করা হবে।
 
ইত্তেফাক/এএন