মোরেলগঞ্জে গাঁজাসহ আটক ২

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৪:১৬
 
বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ সাগর নামে এক মাদ্রাসা ছাত্র ও সোহেল নামে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
 
রবিবার রাত ১০টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের কাছারীবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় উপজেলার জিউধরা ইউনিয়নের কাছারীবাড়ি নামক স্থানে মোটরসাইকেল আরোহী কয়েক যুবককে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। 
 
এসময় এলাকার লোকজন তাদেরকে ধাওয়া করে গাঁজা ভর্তি একটি স্কুলব্যাগসহ সাগর ও সোহেলকে আটক করতে সক্ষম হলেও অপর দুই মাদক পাচারকারী পালিয়ে যায়। স্থানীয়রা গাঁজাসহ দুই যুবককে জিউধরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ওই রাতেই গাজাসহ আটক দুই যুবককে পুলিশে সোপর্দ করেন।
  
আটক তালিমুল ইসলাম সাগর (১৭) জিউধরা ইউনিয়নের একরাম খালী গ্রামের হাবিবুর রহমান হাওরাদারের ছেলে এবং স্থানীয় পঞ্চগ্রাম সম্মিলিত ইউসুফিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। অপর আটক সোহেল তালুকদার (২৪) মংলা উপজেলার মালগাজী গ্রামের আ. মজিদ তালুকদার ওরফে মজিদ মোড়লের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। 
 
আটক তালিমুল ইসলাম সাগর তার পূর্ব পরিচিত ফুলহাতা গ্রামের জনৈক বাদশা মাদক চালানটি নিয়ে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে মংলার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
 
 
ইত্তেফাক/কেকে