বদলগাছীতে গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৫:০২
 
নওগাঁর বদলগাছীতে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে বাবু ইসলাম (৪৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
 
আজ সোমবার দুপুরে উপজেলার কমাড়পুর গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত বাবু ইসলাম উপজেলার ঢেকড়া দক্ষিণপাড়ার মৃত মো. খলিফার ছেলে।
 
জানা গেছে, উপজেলার মির্জাপুর বাজারের কাঠ ব্যবসায়ী জিয়াউর রহমান কমাড়পুর গ্রামের নজরুল ইসলামের একটি বড় বট গাছ কিনেন গত সপ্তাহে। আজ সকালে জিয়াউর রহমান তার ৬/৭ জন শ্রমিক নিয়ে গিয়ে ওই গাছ কাটতে শুরু করেন। বেলা সাড়ে ১১ টার দিকে বাবুও গাছ কাটার কাজ করছিলেন। 
 
এ সময় গাছ একটি মোটা ডাল উপর থেকে গাছের নিচে থাকা বাবুর শরীরের ওপর পড়ে। এতে বাবুর কমড় ভেঙ্গে যায়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, 'বাবু দীর্ঘদিন থেকে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বাবু নিহত হওয়ার সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।'
 
 
ইত্তেফাক/কেকে