খুলনায় কোচিং সেন্টারে তালা লাগিয়ে পালালেন শিক্ষক

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৮:০০
খুলনায় কোচিং সেন্টারে তালা লাগিয়ে পালিয়েছেন শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয় প্রণীত কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালার আলোকে কোচিংবিরোধী ঝটিকা অভিযান পরিচালনাকালে বেশ কিছু কোচিং সেন্টারে এ দৃশ্য দেখা যায়।
 
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চল।
 
নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রূপসা মাধ্যমিক বিদ্যালয়, সবুরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল ও কোচিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কোচিং বাণিজ্যের সঙ্গে সমৃক্ত থাকায় সতর্ক করা হয়। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা কোচিং সেন্টারে তালা লাগিয়ে শিক্ষকরা পালিয়ে যান বলে জানা গেছে।
 
মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেনের নেতৃত্বে মাউশির কর্মকর্তারা এ অভিযানে অংশগ্রহণ করেন।
 
মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক টিএম জাকির হোসেন জানান, কোচিং বন্ধ নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক নিজ স্কুলের ছাত্রছাত্রী পড়াতে পারবেন না। তারপরও অনেকে গোপনে নীতিমালা ভঙ্গ করছেন। তাদের বিরুদ্ধে মাউশির এধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
 
ই্ত্তেফাক/ইউবি