কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে একজনকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ইমরান হোসেন সোহাগ (৩০) দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর শাখার জনতা ব্যাংক ভবনের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলাধীন নবিয়াবাদ গ্রামের বাবুল হোসেন নামে এক ব্যবসায়ী চান্দিনা বাজারস্থ চৌধুরী মার্কের দ্বিতীয় তলার জনতা ব্যাংক থেকে এক লক্ষ টাকা উত্তোলন করে নিচে নেমে আসছিলেন। এ সময় ওই ছিনতাইকারী ব্যাংক থেকে তার পিছু নেয়। বাবুল ব্যাংক থেকে নিচে নামতেই ছিনতাইকারী সোহাগ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটকের পর গণপিটুনি দেয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাহাত ছিদ্দিকী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ
