রাবিতে পরীক্ষা বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার: পুলিশি পাহারায় পরীক্ষা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:২০
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ড্রপ আউট হওয়া ছাত্রলীগ নেতার হুমকির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা পুলিশি পাহারায় অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার সকাল ১০টা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত ওই পরীক্ষায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিতে পারে এমন আশংকায় পরীক্ষা শুরুর আগ থেকে শেষ পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তা দিতে দেখা গেছে।
 
এর আগে গত সোমবার দুপুর একটার দিকে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও অছাত্র শরিফুল ইসলাম সাদ্দাম সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের নিয়ে বিভাগে যান। সেখানে তিনি চতুর্থ বর্ষের আজকের পরীক্ষায় অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু ক্লাসে অনুপস্থিতি ও নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ায় সাদ্দামকে পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেয়নি বিভাগ।
 
বিভাগ সূত্রে জানা গেছে, সাদ্দাম ২০১০-১১ শিক্ষাবর্ষে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। প্রথম বর্ষ শেষ করার পর তিনি পরপর দুই বছর দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেননি। পরের বছর দ্বিতীয় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হলেও ২০১৫ সালে তৃতীয় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত ছয় বছরের মধ্যে স্নাতক (সম্মান) শেষ করতে না পারলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি এখন আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
 
পুলিশি নিরাপত্তা বিষয়ে বিভাগের সভাপতি ড. পার্থ বিপ্লব রায় বলেন, ‘ড্রপ আউট হওয়া আমাদের এক শিক্ষার্থী সোমবার বিভাগে অনেক লোকজন নিয়ে এসে পরীক্ষা দিতে চায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার ছাত্রত্ব না থাকায় তিনি পরীক্ষা দেওয়ার যোগ্য নয়। ওই শিক্ষার্থী যেন বিশৃঙ্খলা না করতে পারে এবং আজকের চতুর্থ বর্ষের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাই। তাই প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা করেছে।’
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক বলেন, ‘ওই বিভাগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
 
বিভাগের সামনে অবস্থানরত কাটাখালি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, ‘ওইবিভাগের পরীক্ষায় কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটা দেখতেই আজকে আমরা এখানে অবস্থান করছি।’
 
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।
 
ইত্তেফাক/এএসএমইউ