মহানগরীতে বহুতল ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মহানগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম আলো ঘোষ (২৫)। তিনি ওই এলাকার প্রকাশ ঘোষের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বহুতল ভবনের পাশের বাড়ির প্রকাশ ঘোষের স্ত্রী আলো ঘোষ তার সন্তানকে খুঁজতে রাস্তায় বের হন। এমন সময় ওই ভবনের পাঁচতলা থেকে ২০ থেকে ২৫টি ইট আলো ঘোষের ওপর ধ্বসে পড়ে। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় কাউন্সিলর আবু বাক্কার সিদ্দিক কিনু তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই আলো ঘোষ মারা যান।
স্থানীয়রা জানান, ওই বহুতল ভবনের চারদিকেই ফাঁকা এবং অরক্ষিত। যেখানে সেখানে পড়ে আছে ভবন নির্মাণের মালামাল। ইট, খোয়া ও সাটারিং-এর কাঠ সবই এলোমেলো অবস্থায় পড়ে আছে। আবার নীচের রাস্তা দখল করে রাখা হয়েছে ইট। যা সাধারণের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। ভবন মালিকের অসচেতনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
