খুলনায় নকল-ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:৪০
খুলনায় স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রস্তুতে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ এবং নকল ও ভেজাল ওষুধ তৈরিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 
 
মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী তরুণ প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সমন্বয়ক জিহাদ আরিফের সঞ্চালনায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রবিউল ইসলাম রবি।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভেজাল ওষুধ তৈরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, জীবন রক্ষাকারী ওষুধে অনিয়ম কোনো সভ্য দেশে কোনভাবেই কাঙ্খিত হতে পারে না। যারা নকল ওষুধ তৈরি ও ভেজাল ওষুধ বিক্রি ও বিপণনের সঙ্গে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। 
 
বক্তারা বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ, সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং নকল ও ভেজাল ওষুধ তৈরির ব্যাপারে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদার এবং নকল ও ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
 
মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, জনউদ্যোগের সম্বনয়কারী মহেন্দ্রনাথ সেন, সাংস্কৃতিক সংগঠক শরিফুল ইসলাম সেলিম, এস এম চন্দন, মিজানুর রহমান বাবু, মাফুজুর রহমান মুকুল, জয়ন্ত মুখার্জী জোবায়ের ইবনে দ্বীন জিহাদ, সাজ্জাদ হোসেন, তোফায়েল আহম্মেদ সৌরভ, সজিব শাহারিয়ার, রবিন হোসেন, সাব্বির রহমান প্রমুখ।