টাকা আত্মসাত : বিআরডিবির মাঠ কর্মী গ্রেফতার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:৫২
বিআরডিবির ২১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালী সদর উপজেলায় কর্মরত মাঠকর্মী মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে দুদক।
 
মঙ্গলবার সকালে সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী মৌজার মৃত আলী আকবরের ছেলে।  
 
জেলা দুদকের উপপরিচালক তালেবুর রহমান জানান, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু তাহের গত ১৯ জুলাই মাঠকর্মী মিজানুর রহমানের বিরুদ্ধে ২১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্তের এক পর্যায়ে জেলা দুদকের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ মঙ্গলবার সকালে মিজানুর রহমানকে গ্রেফতার করেন। পরে তাকে সুধারাম থানায় সোপর্দ করা হয়। 
 
এদিকে জেলা বিআরডিবির উপপরিচালক শহীদ উল্যাহ জানান, মাঠকর্মী মিজানুর রহমান দায়িত্ব পালনকালে ঋণের আসল বাবদ ১৩ লাখ ৭০ হাজার টাকা ও সুদ বাবদ ৭ লাখ ৫০ হাজার টাকা আদায় করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত  করেন।
 
ইত্তেফাক/ইউবি