এমপি শামীম ওসমানের ফোনে সিদ্ধিরগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০০:১৩

এমপি শামীম ওসমানের ফোনে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহূত একটি প্রাইভেটকারও আটক করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কাছে নাসিক ৪নং ওয়ার্ডের আটি এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্য জানায় এলাকাবাসী। পরে শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে এই খবরটি জানানোর পর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহিন শাহ পারভেজ ও এস আই রফিকুল ইসলাম ফোর্স নিয়ে আটি মসজিদের পাশে অভিযান পরিচালনা করেন। এসময়ে পুলিশ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কিয়াস আলীর ছেলে আজিজুল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার ফজলুল হকের ছেলে সোহেল এবং মৌচাক এলাকার মৃত এমাদ মিয়ার ছেলে রাকিবকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে আজিজুলের প্যান্টের পকেট থেকে ৪০ পিস, সোহেলের কাছ থেকে ১০ পিস রাকিবের কাছ থেকে ১০ পিস এবং আজিজুলের প্রাইভেট কার থেকে আরো ১০ পিসসহ মোট ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত ইয়াবা এবং প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ ১৬-০৪৮৩) আসামিদের থানায় নিয়ে যায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, আটকদের বিরুদ্ধে বুধবার মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।