খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কারের চেষ্টা অব্যাহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০১:৩৩
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় প্রবল জোয়ারের চাপে ভেঙে যাওয়া খোলপেটুয়া নদীর বেড়িবাঁধটি গত তিন দিনেও সংস্কার সম্ভব হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে ৩/৪ হাজার মানুষ গত দু’দিনে স্বেচ্ছাশ্রমে সংস্কারে ব্যর্থ হন। তবে মঙ্গলবার আবারও শুরু করেছেন বাঁধ সংস্কারের কাজ।
 
এদিকে বেড়িবাঁধ ভাঙনের ফলে এ পর্যন্ত প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মত্স্য ঘের ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার। দ্রুত বাঁধটি সংস্কার করা না গেলে আশাশুনি সদর ও চম্পফুল ইউনিয়নসহ নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 
 
স্থানীয়রা জানান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবুহেনা শাকিলের নেতৃত্বে ৩/৪ হাজার নারী-পুরুষ তাদের সকল কাজকর্ম বন্ধ রেখে গত দু’দিন যাবত্ স্বেচ্ছাশ্রমে বাঁশ, বেত, বস্তা দিয়ে বাঁধটি সংস্কার করতে ব্যর্থ হয়ে মঙ্গলবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছেন। তবে তাদের অভিযোগ সরকারিভাবে সংস্কারে সেখানে এখনো তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।
 
সাতক্ষীরা পানিউন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইতোমধ্যে ২৫ হাজার বস্তাসহ বাঁশ, বেত ও নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে তারাও বাঁধ সংস্কারের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
 
উল্লেখ্য, রবিবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪নং পোল্ডারের কাছে খোলপেটুয়া নদের প্রায় আড়াইশ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
 

ইত্তেফাক/এএন