জলঢাকায় ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে পথসভা স্মারকলিপি প্রদান

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৩:১৬
জলঢাকায় ছাঁটাইকৃত ৩৫ শ্রমিককে কাজে পুনর্বহালের দাবি করে পথসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। সোমবার শ্রমিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘদিন থেকে উপজেলার ধর্মপাল ইউনিয়নের রশিদপুরে অবস্থিত কাজী ফার্ম থেকে ৩৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। তাদের কর্মস্থলে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিল উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। সোমবার বিকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে-এর প্রতিবাদে পথসভায় বক্তব্য রাখেন- শ্রমিক নেতা জসির উদ্দিন, পরেশ চন্দ্র কাচু, জোনাব আলী, আতিয়ার রহমান, ফারুক হোসেন, জামাদুল ইসলাম ভ্যাবল, রহিদুল ইসলাম, পলাশ, লাভলু ও মৃণাল প্রমুখ।
 
উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী বলেন, কোনো রকম কারণ ছাড়াই ট্রেড ইউনিয়নের ৩৫ জন লেবারকে কর্মস্থল থেকে ছাঁটাই করা হয়। বর্তমানে ছাঁটাইকৃত শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তিনি আরো বলেন, অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের জন্য দাবি জানান। এর আগে দুপুরে শ্রমিক ঐক্য পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধানের মাধ্যমে ৩৫ শ্রমিককে কাজে পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 

ইত্তেফাক/এএন