কুমিল্লায় আধা কি মি সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৩:২৮
কুমিল্লা-মীরপুর সড়কের জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় আধা কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন পরিবহনের যাত্রীসহ হাজারো মানুষ। জেলা সদর থেকে উত্তরাঞ্চলের জনগণের যাতায়াতের অন্যতম এ সড়কটিতে ছোট-বড় খানা-খন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাসহ উত্তরাঞ্চলের জনগণ কুমিল্লা-মীরপুর সড়কের আড়াইওড়া এলাকা দিয়ে চলাচল করে থাকে। মালামাল পরিবহনের ট্রাক-ট্রাক্টর ছাড়াও যাত্রীবাহী বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে প্রতিনিয়ত আসা-যাওয়া করে থাকে। ওইসব এলাকার জনগণ কুমিল্লা মহানগরীর প্রবেশদ্বার শাসনগাছা এলাকায় পৌঁছার আগেই আড়াইওড়া এলাকায় এসে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েন। ওই স্থানের প্রায় আধা কিলোমিটার সড়কের কার্পেটিংসহ ইট-সুরকি একেবারে উঠে গেছে। এতে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমাট বেঁধে খানা-খন্দসহ অনেকটা কূপের মতো হয়ে আছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বৃষ্টি হোক আর না হোক সব সময় এখানে পানি জমাট বেঁধে থাকে। এলাকার লোকজন স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না। এমনকি ইজিবাইক, রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটছে। এ ছাড়া বাস, ট্রাক-ট্রাক্টর চলাচলের কারণে এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন কখনো কখনো গর্তে পড়ে আটকে থাকতে দেখা যায়। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, নারী-শিশু ও বয়োবৃদ্ধদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
 
বেহাল এ সড়কটির বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন জানান, সড়কটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে যায়। এতে সড়কের বিটুমিন উঠে যায়। তাই বিটুমিন দিয়ে কাজ না করে এবার সলিংয়ের ওপর একটি লেয়ার দিয়ে উঁচু করে এ সড়কটি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। 
 
 

ইত্তেফাক/এএন