ইলিশ মাছ রক্ষায় পাবনার সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও সুজানগর থানা পুলিশ। অভিযান পরিচালনাকালে আটজন জেলেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইলিশ ধরা জাল ও ২০-৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোয়ারিয়া গ্রামের রতন হালদার (২৮), মহব্বতপুর গ্রামের পুল্লাদ কুমার হালদার (৩২), রামনগর গ্রামের তালেব শেখ (৩৫), সাতবাড়ীয়া গ্রামের পরিমল হালদার (৪০), কামারহাট গ্রামের আবু তাহের (৪২), রাজবাড়ী জেলার পাংসা উপজেলার চরঝিকরী গ্রামের হেলাল প্রামাণিক (৩৫), ছাল্লেক প্রামাণিক (২৮) ও রামনগর গ্রামের তমিজ উদ্দিন (৩০)।
জানা যায়, মঙ্গলবার রাতে ওই তারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মার নদীর গোয়ারিয়া এবং নাজিরগঞ্জসহ বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ শিকার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ ও সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ইলিশ ধরা জাল ও ২০-৩০কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়।
পরে গ্রেফতারকৃত মৎস্যজীবিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
ইত্তেফাক/কেকে
